কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সহপাঠীদের সূত্রে জানা যায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।
ঘটনার পর সহপাঠীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের একটি বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাহীনকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তার অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। পাশাপাশি সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অবগত করেনি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
