‘সাদ্দামের লগে কী করছস’ বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি

এপি নিউজ
‘সাদ্দামের লগে কী করছস’ বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি

দেশজুড়ে আলোচনায় এখন নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ঘটনা। এ ঘটনাকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

Advertisement

রোববার (২৫ জানুয়ারি) তাদের দাপ্তরিক হোয়াটস অ্যাপ নম্বরে একাধিক বিদেশি নম্বর থেকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

হুমকি দেওয়া কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শোনা যায়, পুলিশ সুপারের হোয়াটস অ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকি দেওয়া হচ্ছে। এসপি ফোন রিসিভ করার পর থেকে অপ্রকাশযোগ্য ভাষার ব্যবহার শুরু করা হয় অপর প্রান্ত থেকে। বলতে শোনা যায়, ‘এই ... কী করছস, সাদ্দামের লগে কী করছস...’। 

কল রিসিভ করা পুলিশ সুপারকে কিছু বলার সুযোগ না দিয়েই অপর প্রান্ত থেকে ক্রমাগত অপ্রকাশযোগ্য শব্দ ব্যবহারের সঙ্গে সঙ্গে বলতে শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি...’, তুই অ্যারেস্ট করায় দিছস... তুই জানস না... তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে...।’ 

ভিডিওতে থাকা অডিও কথোপকথন সঠিক বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

হুমকি দিয়ে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী। এশিয়া পোস্টকে তিনি বলেন, কিছু ফোন কল পেয়েছি। কারা এগুলো করছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পেয়েছেন বলে এশিয়া পোস্টকে জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আমি মোটেই বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন করা হচ্ছে সেখানে প্রশাসন তাদের পাশে ছিল। সহযোগিতা করেছে। যাই হোক, কিছু বট নম্বর দিয়ে হয়তো এমন করা হয়েছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।