পাবনায় ৪৬৬ বস্তা সার জব্দ, তিনজনকে জরিমানা

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৪৬৬ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন সার ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রীকোল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা সারের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় অবৈধভাবে সার মজুতের দায়ে তিনজনকে অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন শ্রীকোল এলাকার বাচ্চু মল্লিক, হেলাল মোল্লা ও আসাদুজ্জামান কামাল। তাদের মধ্যে বাচ্চু মল্লিককে ২০ হাজার টাকা, হেলাল মোল্লাকে ১০ হাজার টাকা এবং আসাদুজ্জামান কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ১২ বস্তা ইউরিয়া, ৩৮৯ বস্তা ডিএপি ও ৬৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুৎফুল কবিরের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম জাকির ও আতাইকুলা থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার ইসলাম নাফিজ বলেন, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ ছাড়া এ ঘটনায় জড়িত তিনজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

