logo
Advertisement

সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যা, আসামি মিন্টু গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,রংপুর
সাভারে ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে হত্যা, আসামি মিন্টু গ্রেপ্তার
গ্রেপ্তার মো. মিন্টু। ছবি : র‌্যাব সূত্রে পাওয়া

ঢাকার সাভারে ছাত্রদল নেতা মোনারুল ইসলাম বকশীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি মো. মিন্টুকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রংপুর জেলার পীরগাছা থানাধীন পারুল ইউনিয়নের বাজার সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মিন্টু উক্ত মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি ও রংপুর জেলার পীরগাছা থানার সুল্লিপাড়া গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই নিহত মোনারুল ইসলামের ভাগ্নে শাহরিয়ার কবির সৌমিকের সঙ্গে মিম নামের এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় কিশোরীর বাবা পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ওই কিশোরী সাভারে অবস্থান করছে।

এজাহারে বলা হয়, গত ৬ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটের দিকে আসামিরা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সাভারের বিপিএসটি এলাকায় মোনারুলের বাসায় যান। তারা স্বজন পরিচয়ে নিরাপত্তাকর্মীর কাছ থেকে অনুমতি নিয়ে ভুক্তভোগীর এফ-৪/৪০৬ নম্বর ফ্ল্যাটে প্রবেশ করেন এবং কিশোরীকে খুঁজতে থাকেন।

এজাহার অনুযায়ী, ফ্ল্যাটে কিশোরীকে না পেয়ে তারা কিশোরীর বাবা ও চাচা মোনারুল ইসলাম বকশীকে জোর করে পাঁচতলার ছাদে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির একপর্যায়ে মোনারুলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহত মোনারুলের ভাই বাদী হয়ে গত ১৫ আগস্ট সাভার থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ৭১। ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যান বলে র‌্যাব জানায়।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার মিন্টুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় :