তিনটি আসনেই বিজয়, গোপালগঞ্জে ইতিহাসের সূচনা বিএনপির

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গোপালগঞ্জে ইতিহাসের সূচনা করেছে বিএনপি। জেলার তিনটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে এই প্রথম বিএনপি এত বড় বিজয় অর্জন করেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জেলা রিটার্নিং অফিসার ও গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এর আগে, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে মাত্র একবার বিএনপির এফ ই শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হয়েছিলেন।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কেএম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এসএম জিলানী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত সেলিমুজ্জামান মোল্যা পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের মো. কাবির মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৯৬১ ভোট।
গোপালগঞ্জ-১ আসন থেকে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ০২ হাজার ৮২১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৮৯ জন। ভোট কেন্দ্র ১৩৮টি।
গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত কে এম বাবর পেয়েছেন ৪০ হাজার ০৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এইচ খান মঞ্জু পেয়েছেন ৩৩ হাজার ০৩৯ ভোট। গোপালগঞ্জ-২ আসন থেকে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৩২৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬২ জন এবং নারী ভোটার ১ লাখ ৯ হাজার ২৫৮ জন; হিজড়া ভোটার ৪ জন। ভোট কেন্দ্র ১৫১টি।
গোপালগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত এস এম জিলানী ৬০ হাজার ১৬৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোবিন্দ চন্দ্র প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট। গোপালগঞ্জ-৩ আসন থেকে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ০৮ হাজার ৭৮৪ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন; হিজড়া ১ জন। ভোট কেন্দ্র ১০৮টি।