logo

জামালপুরে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

জামালপুরে স্বস্তির বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা
ছবি: এশিয়া পোস্ট

টানা কয়েক দিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি হয়েছে জামালপুরে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে শুরু হওয়া বৃষ্টি ও দমকা বাতাস প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। এ সময় আকাশে বজ্রপাতও দেখা যায়।

জেলাজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষ যেমন দুর্ভোগে পড়েছেন, তেমনি কৃষিকাজ ও শ্রমনির্ভর পেশায় নিয়োজিত মানুষেরাও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যেই মাঠে ধান কাটাসহ বিভিন্ন কাজে অংশ নিতে গিয়ে গত তিন দিনে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর বৃহস্পতিবারের বৃষ্টি মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে।

জামালপুর শহরের বাসিন্দা শামিম বলেন, টানা কয়েক দিনের গরমে ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছিল। আজ একটু বৃষ্টি হলো। আবহাওয়াটা অনেক ভালো হয়েছে। আমরা যেন কিছুটা স্বস্তি ফিরে পেলাম।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার জামালপুরে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, বর্তমান আবহাওয়ায় হিট স্ট্রোক, পানিশূন্যতা ও গরমজনিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষদের বেশি সতর্ক থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের সময় বাইরে না যাওয়াই ভালো। বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পান করতে হবে।

ঢাকায় কর্মরত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, গতকাল ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসয়াস। আজকের তাপমাত্রার তথ্য বিকেলের পর পাওয়া যাবে। জামালপুরে আজ বৃষ্টি হচ্ছে। সাধারণত বিকেল ৩টার পর তাপমাত্রা বাড়ার প্রবণতা কমে আসে। ফলে দিনের বাকি সময়ে তাপমাত্রা আর উল্লেখযোগ্যভাবে বাড়বে না বলে আশা করা যায়।