logo

বগুড়ায় শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল

বগুড়ায় শতাধিক শিক্ষার্থী পেল বিনামূল্যে বাইসাইকেল
বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বাইসাইকেল তুলে দিচ্ছেন অতিথিরা। ছবি : এশিয়া পোস্ট

বগুড়ায় দরিদ্র ও মেধাবী শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ৪৮ জন নারীর মধ্যে সেলাই মেশিন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তা খাতের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও উৎসাহিত করছেন। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করা হচ্ছে।

রেজাউল করিম বাদশা আরও জানান, বগুড়া সদরের সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বাইসাইকেল পাওয়া শিক্ষার্থীরা জানায়, বাড়ি থেকে স্কুলে যেতে প্রতিদিন যাতায়াত খরচ হতো। অনেক সময় গ্রামে ভ্যান বা রিকশা পাওয়া না গেলে হেঁটে বিদ্যালয়ে যেতে হতো। বাইসাইকেল পাওয়ায় এখন তাদের সেই সমস্যা থাকবে না। এ জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।