জামালপুরে তিন হাজার লিটার পেট্রোলসহ আটক ৭

জামালপুর সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছেন স্থানীয়রা।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে উপজেলার কালিবাড়ি বাজার এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন মেলান্দহ উপজেলার তেলিপাড়া এলাকার মৃত আলতাবুর রহমান ছেলে হাকিম মিয়া (৪০), বগুড়া জেলার সারিয়াকান্দি কাটাপুর বাজার এলাকার দুলাল ব্যাপারির ছেলে ফুল মিয়া (৩৮), হাফিজুর রহমান (৪০), মো. শাহ জামাল (৫০), মো. মারুফ হোসেন (২৪), মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫)।
আরও পড়ুন: বিয়েতে ডিজেল উপহার পেলেন কেন্দ্রীয় নেতা
স্থানীয়রা জানান, মধ্য রাতে কয়েকটি গাড়িতে করে ১৫টি তেলের ড্রাম নিয়ে যাওয়া সময় এলাকাবাসীর নজরে আসে। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। পরে গাড়িতে থাকা বিপুল পরিমাণ পেট্রোলসহ ৭ জনকে আটক করেন।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় এলাকাবাসী ৭ জনকে আটক করেছে। উপজেলা প্রশাসন সেখানে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।