logo

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র শবেবরাত উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

মাঈনুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, পবিত্র শবেবরাত উপলক্ষে আজ বুধবার সরকারি ছুটি। এ কারণে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম যথারীতি শুরু হবে বলেও জানান তিনি।

এদিকে বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী যাতায়াতে কোনো প্রভাব পড়েনি। এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক জামিরুল ইসলাম জানান, ইমিগ্রেশনের কার্যক্রম যে কোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের সাত দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট-ভিসাধারী ব্যক্তিরা এই চেকপোস্ট ব্যবহার করে যাতায়াত করতে পারেন। ফলে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।