তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক হবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিক্ষুব্ধ জনতা ওই শিক্ষককে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখলে বিকেল ৩টায় প্রায় ৫ ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বেংহারী সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেন প্রধান শিক্ষক হবিবুর রহমান। পরে বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় জনতা বিদ্যালয় ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
এ সময় ভয়ে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়েন হবিবুর রহমান। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
শাস্তির দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই প্রশাসনের কাছে। কোনো শিক্ষকের কাছে এমন আচরণ আমরা কামনা করি না।
বোদা থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা পরিস্থিতি উত্তপ্ত দেখতে পাই। অভিযুক্ত শিক্ষক নিজেকে রক্ষায় টেবিলের নিচে আশ্রয় নিয়েছিলেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। এ ছাড়া স্থানীয় এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলি করা হবে।