Advertisement

মঞ্চে প্রধানমন্ত্রী, সমাবেশস্থলে স্লোগান ‘কুমিল্লা বিভাগ চাই’

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
মঞ্চে প্রধানমন্ত্রী, সমাবেশস্থলে স্লোগান ‘কুমিল্লা বিভাগ চাই’
কুমিল্লায় পথসভা মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লার বরুড়ায় পথসভা মঞ্চ থেকে বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশস্থল থেকে হঠাৎ স্লোগান শোনা গেল–‘কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই।’ সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, ‘ঠিক আছে। সবাই যদি এই দাবির সঙ্গে একমত হন, তাহলে বাস্তবায়ন হবে।’

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশকে পুনর্গঠন করতে হবে। সবার আগে দেশ, দেশটা সবার। জনগণের কাছে যেসব পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, তার ভিত্তিতেই মানুষ ভোট দিয়েছে। আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করব।

এর আগে এদিন বেলা সোয়া ১১টার দিকে তিনি মঞ্চে ওঠেন। সমর্থকরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। পথে তিনি এই পথসভায় অংশ নেন।

সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুনসহ পথসভাস্থলে জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ১০টার মধ্যে লক্ষ্মীপুর বাজার মাঠ হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

সরকারপ্রধান এদিন দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামে বিশ্ব খাল পুনঃখনন কাজের সূচনা করার কথা রয়েছে।