পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ, মরে ভেসে উঠল ৩০ লাখ টাকার মাছ

রাজশাহীর বাগমারায় এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার নুরপুর গ্রামের ওই পুকুরে এই ঘটনা ঘটে। এ সময় পুকুরটিতে রুই-কাতলসহ নানান ধরনের মরা মাছ ভেসে ওঠে।
ভুক্তভোগী সোহেল রানা উপজেলার তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নুরপুর গ্রামে বাসিন্দা।
স্থানীয়রা জানান, সোহেল রানা বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি পালিয়ে থাকার কারণে তার স্বজনেরা দেখাশোনা করছিলেন। তবে নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার ছিল না। হঠাৎ শুক্রবার রাতে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ নিধন করেন। এ সময় রুই, কাতলাসহ কার্প জাতীয় মরে ভেসে ওঠে।
ভুক্তভোগী সোহেল রানা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তার স্বজনেরা দেখাশোনা করছেন। গতকাল কারা বিষ প্রয়োগ করেছে—তা জানতে পারিনি। পুকুরে বিষ প্রয়োগে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।