logo
Advertisement

ভারতীয় তরুণীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ,জামালপুর
ভারতীয় তরুণীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার
ডিবির হাতে গ্রেপ্তার যুবক মোস্তাফিজুর রহমান মেহেদী। ছবি: এশিয়া পোস্ট

ভারতের এক তরুণীর সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরে মোস্তাফিজুর রহমান মেহেদী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

বুধবার (৫ আগস্ট) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর জেলা পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সূত্র ধরে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন।

মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ছবি-ভিডিও ব্যবহার করে তাকে ভয়ভীতি প্রদর্শন, ব্ল্যাকমেইল এবং মানসিকভাবে হয়রানি করতে থাকেন। ভুক্তভোগীর কয়েকজন নিকটাত্মীয়ের কাছেও ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এ ঘটনায় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। পরে তিনি জামালপুর জেলা পুলিশ সুপারের কাছেও লিখিত আবেদন করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)। তথ্য-উপাত্তের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্যবহৃত একটি রেডমি নোট ৯ প্রো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। তদন্তে প্রাপ্ত ডিজিটাল তথ্য-উপাত্ত, অভিযোগপত্র এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বুধবার তাকে আদলতের মাধ্যম কারাগারে পাঠানো হয়েছে।