গাজীপুরে দুই মহাসড়কে নেই যানজট

রাত পোহালেই ঈদ, শেষ মুহূর্তে পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে গ্রামে ফিরছেন মানুষ। গত দুই দিন যানজট আর ভোগান্তি থাকলেও এখন স্বস্তি ফিরেছে। গাজীপুরস্থ দুই মহাসড়কে যানজট নেই, অনেকটা ফাঁকা মহাসড়ক।
মঙ্গলবার দুপুর হতে বুধবার সকাল পর্যন্ত গাজীপুরে দুটি মহাসড়কে মানুষের ঢল নামে, এতেই শুরু হয় যানজট। রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটে পড়েন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় কয়েক কিলোমিটার পাড়ি দিতে। এরমধ্যে দেখা দেয় পরিবহন সংকট। বুধবার বেলা ১১টা পর্যন্ত চাপ থাকলেও দুপুর হতে অনেকটা ফাঁকা মহাসড়ক।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গত দুদিন ছিল সবচেয়ে দুর্ভোগের স্থান। তবে বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চিরচেনা সেই যানজট নেই, পরিবহনেরও নেই কোনো সংকট। মহাসড়কে যাত্রী আসছেন, তবে তাদের কোনো ভোগান্তি হচ্ছে না। যাত্রীরা তাদের পছন্দমতো পরিবহনে গন্তব্যের দিকে চলে যাচ্ছেন।
আলম হোসেন নামে এক যাত্রী বলেন, যানজট ছিল এজন্য গতকাল রওনা হইনি, আজ চন্দ্রায় এসে দেখছি কোনো যানজট নেই। যাত্রীর থেকে আজ পরিবহন বেশি। এদিকে কোনো যানজট নেই, তবে যমুনা সেতুর আগে যানজট রয়েছে।
রাজশাহীগামী হিমাচল পরিবহনের চালক বলেন, গতকাল যে চাপ ছিল তার ১০ ভাগের ১ ভাগ লোক নেই। গতকাল ১০ মিনিটে গাড়ি ভরে ছিল যাত্রী দিয়ে। আজ ঘণ্টা পেরিয়ে গেলেও গাড়ি ভরছে না।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম বলেন, আজ কোনো যানজট নেই, অনেক স্বস্তিতে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন।
