টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ, নড়াইল
টিকটকে কমেন্ট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: এশিয়া পোস্ট

নড়াইলে টিকটকে কমেন্ট করা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দুপুরে নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা মধ্যপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকে একটি কমেন্টকে কেন্দ্র করে রতডাঙ্গা মল্লিক পাড়ার মন্নু মোল্যার ছেলে আশরাফুল এবং উত্তরপাড়ার কবির ফকিরের ছেলে মিজানের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। বিষয়টি বাকবিতণ্ডা থেকে একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

এর জেরে মল্লিকপাড়া ও উত্তরপাড়ার লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে শুক্রবার দুপুরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :নড়াইল