logo

শপথ নিয়ে শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ

শপথ নিয়ে শহীদ পরিবার ও আহতদের পাশে হাসনাত আব্দুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ গ্রহণের পরপরই নিজ নির্বাচনি এলাকায় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি বিভিন্ন গ্রামে গিয়ে শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং আহতদের সঙ্গে সময় কাটান। 

জানা যায়, তিনি শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান ও একটি ঘর নির্মাণের ঘোষণা দেন। এছাড়া শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের পরিবারকে ২ লাখ টাকা সহায়তা দিয়ে একটি দোকান করে দেওয়ার উদ্যোগ নেন। পর্যায়ক্রমে মহেশপুর গ্রামের শহীদ জহিরুল ইসলাম ও বড়শালঘর গ্রামের শহীদ সাগরের বাড়িতেও যান তিনি এবং আর্থিক সহায়তার ঘোষণা দেন।

পরে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেখানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে ব্যক্তিগতভাবে তদারকির আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি সহ্য করা হবে না। শহীদ ও আহতদের নাম ব্যবহার করে চাঁদাবাজি বা দখলবাজির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা তার অগ্রাধিকারমূলক দায়িত্বের অংশ এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে।