logo

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর সেই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের হিসাব রক্ষক-কাম ক্রেডিট সুপারভাইজার মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে মহিলাবিষয়ক অধিদপ্তর। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অবস্থায় পদে বহাল থাকা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল এশিয়া পোস্ট।

বুধবার (১ এপ্রিল) জানা যায়, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিন্নাত আরা স্বাক্ষরিত ৩০ মার্চের এক প্রজ্ঞাপনে সাইফুল ইসলামকে বরখাস্ত করা হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী সাইফুল ইসলামকে গ্রেপ্তারের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন এবং আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে।

বিয়েবহির্ভূত-সংক্রান্ত অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা সাইফুল ইসলামের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে। বিধি অনুযায়ী—কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী ৪৮ ঘণ্টার বেশি কারাগারে থাকলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, দেবীগঞ্জ পৌরশহরের সবুজপাড়া এলাকার ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ও যুথি আক্তার নামে এক নারীকে আটক করেন সাইফুলের স্ত্রী সখিনা খাতুন। পরে সখিনার অভিযোগে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। পরে আপোসের শর্তে জামিন পেলেও তা ভঙ্গের অভিযোগে সাইফুলকে পুনরায় কারাগারে পাঠান আদালত।

সাইফুল ইসলামের স্ত্রী সখিনা খাতুন অভিযোগ করেন, স্বামীর সঙ্গে আপোস না করায় তাকে হুমকি দেওয়া হয়। বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে অন্য নারীকে বিয়ে করার কথাও বলা হয়। বর্তমানে তিনি দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষয়টি অধিদপ্তরে জানানো হয়েছিল। অবশেষে অধিদপ্তর সিদ্ধান্ত নিয়ে তাকে সাময়িক বরখাস্ত করেছে।