শেরপুরে ছাত্রদল নেতাদের ওপর হামলা, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

শেরপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল নেতাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার (৪ অক্টোবর) দুপুরে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন ছাত্রদল নেতারা।
মানববন্ধনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, সম্প্রতি শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মী ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের সভাপতি স্বাধীন মিয়াসহ কয়েকজন এলাকায় মাদকবিরোধী সভাসমাবেশসহ বিভিন্ন কার্যক্রম শুরু করেন। এর জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক কার্যালয়সংলগ্ন এলাকায় স্বাধীন মিয়াসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় স্থানীয় রফিকুল ইসলাম, শুকুর আলী, সাইফুল ইসলাম, রানা, শফিকুল, বাকুল, খোকন, কুরবান, কাকন, জসিম, সাঈম ও আলী হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
হামলার ঘটনায় জড়িত মূলহোতাসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দাবি পূরণ না হলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।