logo
Advertisement

সীতাকুণ্ডে বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে মহড়া দেওয়া ৩ যুবক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,চট্টগ্রাম
সীতাকুণ্ডে বিএনপির সংঘর্ষে অস্ত্র হাতে মহড়া দেওয়া ৩ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত হানিফ, সাদেক ও কামরুল। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক, ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অপরাধী যে রাজনৈতিক পরিচয়েরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।