নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
নাটোরে ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ, যুবকের বাড়িতে পুলিশ মোতায়েন
অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : এশিয়া পোস্ট

পবিত্র মক্কা-মদিনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লিরা। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের পৈতৃক বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দিনভর অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ হয়।

অভিযুক্ত শিমুল কর্মকার গুরুদাসপুর পৌর শহরের গুরুদাসপুর মহল্লার নবীন কর্মকারের ছেলে। তিনি ইসকনের সদস্য বলে জানা গেছে। বর্তমানে শিমুল তার পরিবারসহ ঢাকায় বসবাস করেন। গুরুদাসপুরে তাদের পৈতৃক বাড়িটি বর্তমানে তালাবদ্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শিমুল কর্মকারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফ ও মক্কা নগরীর অবয়ব সংবলিত বেশ কয়েকটি বিকৃত ছবি পোস্ট করা হয়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই বিক্ষুব্ধ জনতা লাঠিসোঁটা নিয়ে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান।

এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উপজেলা ওলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে গুরুদাসপুর থানার শাপলা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অভিযুক্ত শিমুলকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আলটিমেটাম দেন ওলামা নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, ফেসবুকে পবিত্র মক্কা শরিফের বিকৃত ছবি পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ জনতা যাতে অভিযুক্তের বাড়িতে কোনো ধরনের হামলা চালাতে না পারে, সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় :নাটোর