Advertisement

শেখ হাসিনা আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
শেখ হাসিনা আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ
ভোলা সদর উপজেলায় খাল খনন কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: এশিয়া পোস্ট

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান (বিজেপি) ও ভোলা-১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন–সাম্প্রতিক এমন আলোচনা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা। এ ছাড়া আর কিছুই নয়, ওই বাস্তবতা নেই।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদরাসা বাজারে সরকারের খাল খনন কর্মসূচির সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে দেশে আসা তো দূরের কথা রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, গত ২ বছর আগে আমরা রিমান্ডে ছিলাম। যে রক্ত, আত্নত্যাগ, এখনকার মানুষের যে মাইনডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন।

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.জিয়া উদ্দিন আরিফ, ভোলা জেলা বিজেপি সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আন্দালিব রহমান পার্থ ভোলা সদর উপজেলার নদী ভাঙন কবলিত সদর শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন। আগামী একনেক সভায় ওই এলাকা ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশাব্যক্ত করেন তিনি। এ ছাড়া খাল খনন কর্মসূচিতে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিষয় :ভোলা