logo

নাটোরে হামের টিকা পাবে ৬০ হাজার শিশু

নাটোরে হামের টিকা পাবে ৬০ হাজার শিশু

নাটোরে হামের সংক্রমণ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে নাটোর শহরের রানি ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সারা দেশে কয়েকটি উপজেলাকে হামের ঝুঁকিপূর্ণ ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নাটোর সদর উপজেলাও রয়েছে। এ কারণে নাটোরে বিশেষ এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জানা যায়, নাটোর সদর উপজেলায় ৮টি কেন্দ্রে মোট ১৮ দিন ধরে এই বিশেষ টিকা প্রদান করা হবে। এর মধ্যে পৌরসভায় ৬টি কেন্দ্র ও ২টি সাব-সেন্টারে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

নাটোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন কামাল উদ্দিন ভূঁইয়া জানান, দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এই বিশেষ টিকা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাটোর সদর উপজেলার পৌর এলাকায় ৬টি কেন্দ্রে ও ৭টি ইউনিয়নের ৮টি কেন্দ্রে পরিচালিত হবে। এই কর্মসূচিতে আগামী তিন সপ্তাহ ধরে চলবে টিকাদান। জেলার প্রায় ৬০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।