১৫৫ কেজির কোরালের দাম ২ লাখ ৩২ হাজার টাকা

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি বাজারে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। বিরল আকৃতির এই মাছটি দেখতে ও ছবি তুলতে বাজারে উৎসুক জনতার ভিড় জমেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে মাছটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন বিক্রেতা মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, সুন্দরবন উপকূলসংলগ্ন সাগরে এক ট্রলারচালকের জালে মাছটি ধরা পড়ে। সেখান থেকে মাছটি সংগ্রহ করে চট্টগ্রাম আনা হয়েছে। ২০১৯ সালের পর বাজারে এত বড় কোরাল তিনি আর দেখেননি বলে জানান।
মাছটি একনজরে দেখতে এবং দাম জানতে বাজারে আসা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিক্রেতা আনোয়ার হোসেন জানান, আগামী শনিবার সন্ধ্যায় মাছটি কেটে বিক্রি করা হবে। প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। সে হিসাবে ১৫৫ কেজি ওজনের পুরো মাছটির মোট মূল্য দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। আগ্রহী ক্রেতাদের আগাম বুকিং দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা মৎস্য দপ্তরের তথ্যানুযায়ী, মাছটির শরীর চ্যাপ্টা ও তুলনামূলক গোলাকার। পিঠ ও পেছনের পাখনা লেজের দিকে বিস্তৃত থাকায় দূর থেকে এটিকে ‘তিনটি লেজযুক্ত’ মাছের মতো মনে হয়। ছোট মাথা ও মুখে বাদামি রঙের ছোপ থাকায় বৈশিষ্ট্যের দিক থেকে এটি ‘কই-কোরাল’ প্রজাতিভুক্ত হতে পারে।
চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, কোরাল বাংলাদেশের সামুদ্রিক মাছের মধ্যে অন্যতম মূল্যবান প্রজাতি। কোরালের বহু জাত রয়েছে। ছবি দেখে এটিকে কোরাল শ্রেণির মাছ মনে হচ্ছে, যা স্থানীয়ভাবে ‘কই-কোরাল’ নামেও পরিচিত। সুন্দরবন এলাকা থেকে ধরা পড়া মাছটি এখন চট্টগ্রামের বাজারে এসেছে।
.png)






