মায়ের সামনে ছেলের হাত-পাঁ বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ফোন চুরির অভিযোগে মায়ের সামনে মো. তারেক ঢালী নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনা ঘটেছে।
এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বুধবার ( ১২ আগস্ট ) সন্ধ্যায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তারা দুই ভাই। ছোট ভাই মো. রাসেল তার সঙ্গে কাজ করে। ছুটিতে বাড়িতে এসেছিলেন তারেক। মঙ্গলবার ভোর বেলা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের বাড়ির কয়েকজন।
তারেকের মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে জীবন কাটাই। কোনো কথা না বলে আমার ছেলেকে সফিক, আল আমিন, তানিম, মোতালেব প্রধান তাদের বাড়ি নিয়ে যায়। তাদের বাড়িতে নিয়ে ফোন চুরির কথা বলে গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পেটায়। মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেউ আমার ছেলেকে তাদের কাছ থেকে বাঁচাতে এগিয়ে আসেনি।
তিনি আরও বলেন, সোবহান ঢালী, রাকিব প্রধান, শরীফুল ইসলাম, নবী উল্লাহ পাটোয়ারী বিকেল তাকে উদ্ধার করে বাড়িতে আনে। টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মেরেছে আমি প্রশাসনের কাছে তার বিচার চাই।
স্থানীয় বাসিন্দা নবী উল্লাহ পাটোয়ারী বলেন, ওরা দুই ভাই ঢাকায় কাজ করে। খুবই অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশ্য ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব এসে সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, অভিযুক্ত সফিক প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।
.png)


