logo

৪ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

৪ ঘণ্টার চেষ্টায় টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সামনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। পেছনে কারখানায় দেখা যাচ্ছে ধোঁয়া। ছবি : এশিয়া পোস্ট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কারখানায় রাসায়নিক পদার্থ থাকায় এখনও ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

এর আগে, সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার একটি ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে কারখানার ভেতরে ওষুধ তৈরির কেমিক্যাল ও দাহ্য পদার্থ থাকায় ধীরে ধীরে আগুন বাড়তে থেকে। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনগুলো থেকে আরও ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের ভয়াবহতার খবরে আশপাশের পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির সদস্যরা গিয়ে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করেন তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তারপরও আমাদের কর্মীরা সতর্ক রয়েছে, যেহেতু ভেতরে কেমিক্যাল রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি নির্বাপন শেষে জানা যাবে।