ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোডের ধনিয়ালাপাড়া এলাকায় ইটবোঝাই ট্রাকের চাপায় মাছুম (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ট্রাকের ধাক্কায় তার শরীরের কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে কদমতলী থেকে ধনিয়ালাপাড়া ব্রিজের বাম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাছুম ডিটি রোডের মগবুল মঞ্জিলের বাসিন্দা মৃত রমজান আলীর ছেলে। তিনি স্থানীয় একজন ইঞ্জিন পার্টস ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করছিলেন মাছুম। এ সময় কদমতলী থেকে আসা একটি ইটবোঝাই খোলা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পরে রাত সাড়ে ১১টার দিকে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে ডবলমুরিং থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যানজট নিরসন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চমেক পুলিশ ফাঁড়ি ও স্থানীয় থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনার পর মাছুমকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
