শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি পীরগঞ্জে পৌঁছে আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনি প্রচারণার জন্য বগুড়া থেকে সড়কপথে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দিতে তিনি রংপুরের উদ্দেশ্যে গাড়িবহরে রওনা দেন। পথিমধ্যে কয়েকটি পথসভায় বক্তব্য দেন।
কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদ আবু সাঈদ ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং জুলাই বিপ্লবের প্রথম শহীদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। আবু সাঈদ পীরগঞ্জের বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।