logo
Advertisement

এইচএসসির রুটিন নিয়ে বিড়ম্বনা, অংশ নেওয়া হলো না পরীক্ষায়

এশিয়া পোস্ট নিউজ, চাঁপাইনবাবগঞ্জ
এইচএসসির রুটিন নিয়ে বিড়ম্বনা, অংশ নেওয়া হলো না পরীক্ষায়
পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থী। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের সামনে। ছবি: এশিয়া পোস্ট

রুটিন দেখায় ভুলের কারণে এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অংশ নিতে পারেননি এক কলেজ ছাত্রী।

Advertisement

শনিবার (৪ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে তার পরীক্ষা দেওয়ার কথা ছিল।

এদিন এইচএসসি বাংলা ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই শিক্ষার্থী যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান, তখন পরীক্ষা শেষ হতে আধঘণ্টা বাকি ছিল। কেন্দ্র কর্তৃপক্ষ তাকে ভেতরে ঢুকতে দেয়নি।

ওই শিক্ষার্থী বলেন, ‘শনিবার যে পরীক্ষা হতে পারে, এটা আমি ভাবতেই পারিনি। অনেক দিন ধরে শনিবার স্কুল-কলেজ বন্ধ থাকে, কোনো পরীক্ষাও হয় না। তাই রুটিনটা ভালো করে খেয়াল করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘যখন জানতে পারি, পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগে কেন্দ্রে আসি। কিন্তু স্যারেরা আমাকে আর পরীক্ষা দিতে দিলেন না। আমি কর্তৃপক্ষের কাছে একটি সুযোগ চাই।’

তার কলেজের সহযোগী অধ্যাপক বলেন, ‘অনেক দিন পর এবার শনিবার পরীক্ষা পড়েছে। হঠাৎ এমন হওয়ায় মেয়েটা হয়তো দিনটির কথা ভুলে গিয়েছিল। আমি খবর পেয়েই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে অনুরোধ করেছিলাম। কিন্তু ওনারা জানালেন, সরকারি নিয়মের বাইরে গিয়ে কিছু করার উপায় নেই।’

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের সচিব আমানুল্লাহ বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে কলেজের অধ্যক্ষ আমাকে ফোনে বিষয়টি জানান। কিন্তু সরকারি নিয়ম ভেঙে এত দেরিতে কারও পরীক্ষা নেওয়ার সুযোগ আমাদের হাতে নেই। আমি ওনাদের বলেছি, ওনারা যদি শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ কোনো অনুমতি এনে দিতে পারেন, তবেই পরীক্ষা নেওয়া যাবে।’