logo

উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

উপবৃত্তির প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এবং পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রঞ্জু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে আদলতের মাধ্যমে রঞ্জু মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ রঞ্জু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হন। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ-খবর নেওয়ার অযুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান যে, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে তার পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যায় ওই ছাত্রী। সেখানে রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। এ সময় কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন তিনি। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযানে নামে। শুক্রবার রাতে রঞ্জু মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার রাতে আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।