logo

দেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

দেশে নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু

দেশে এ বছর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নওগাঁ জেলায়। মৃত নারী (৪৫) গত ২৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শানি সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি থেকে ওই নারীর শরীরে তীব্র জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ২৭ জানুয়ারি তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জানুয়ারি তার মৃত্যু হয়।

হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা (রক্ত ও শ্লেষ্মা) সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। পরীক্ষার ফলাফলে তার শরীরে নিপাহ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

নওগাঁর সিভিল সার্জন আমিনুল ইসলাম জানান, আক্রান্ত নারীর সাম্প্রতিক সময়ে কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। তবে অসুস্থ হওয়ার কয়েক দিন আগে তিনি কাঁচা খেজুরের রস পান করেছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। মূলত এখান থেকেই তিনি সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সিভিল সার্জন আরও বলেন, আইইডিসিআর বিষয়টি গণমাধ্যমকে জানালেও আমরা এখনো আনুষ্ঠানিক লিখিত চিঠি পাইনি। সেটি হাতে পেলেই বিস্তারিত আরও তথ্য জানানো সম্ভব হবে।

বিশেষজ্ঞদের মতে, নিপাহ ভাইরাসের প্রধান বাহক হলো ‘টেরোপাস’ প্রজাতির বাদুড়। শীতকালে খেজুরের রস সংগ্রহের হাঁড়ি থেকে বাদুড় রস খাওয়ার চেষ্টা করলে তাদের লালা বা মল-মূত্রের মাধ্যমে ভাইরাসটি মিশে যায়। সেই কাঁচা রস পান করলে মানুষ সরাসরি আক্রান্ত হয়।