logo

সিলেটের সেই ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেটের সেই ছিনতাইকারী গ্রেপ্তার

সিলেট শহরের হাউজিং এস্টেট এলাকায় অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) ভোরে জেলার কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রশিদ আহমদ ওরফে রশিদ আলী একই এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশ জানায়, রশিদ আলী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় সিসিটিভি ফুটেজে তাকে সিএনজি অটোরিকশা থামিয়ে নারীর ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে।

গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে হাউজিং এস্টেট এলাকার ভেতরের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী। তারা অটোরিকশায় থাকা যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেন। পরে ব্যাগ থেকে নগদ টাকা নিয়ে আইফোন ও এটিএম কার্ড একটি রেঁস্তোরার সামনে ফেলে যান।

ঘটনার পর ভুক্তভোগী নারী কর-পরিদর্শক ইয়াসমিন আক্তার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তিনি উল্লেখ করেন, অফিস থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা সিএনজি থামিয়ে পিস্তল ঠেকিয়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর ১০ দিনের মধ্যে নগরের আরেক কলেজ ছাত্রী পার্শ্ববর্তী সুবিদবাজারের সাগরদিঘিরপাড়ে ছিনতাইয়ের শিকার হন। সেটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতি মতে সিলেটের দুই মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ জানান। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, রশিদ আলীকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানানো হবে।