মেয়ের ফেসবুক পোস্টের জেরে বাবাকে হত্যা, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যা মামালার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেয়ের ফেসবুক পোস্টে জেরে নজরুল ইসলামকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নজরুল ইসলাম খানের বড় মেয়ে রহিতা আক্তার ছোট মেয়ে রুনা খাতুন, শামিম ওসমান, মেহেদী হাসান মাহফুজ, শাহরিয়ার রিয়াদ, তুরান হাসান, রিয়াদ মাহমুদসহ নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হত্যার নয় দিন পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা আগামী তিন দিনের মধ্যে জড়িত সব আসামিকে গ্রেপ্তার এবং আটক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
নজরুল ইসলামের মেয়ে রুনা খাতুন জানান, তার একটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে তার বাবাকে বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে তাকে মারধর করে গুরুতর আহত করা হলে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
মানববন্ধন শেষে নিহতের পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা রাজবাড়ীর জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন। এতে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গত ২৫ সেপ্টেম্বর সকালে কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির সামনে নজরুল ইসলাম খান নামে ওই কৃষকের ওপর হামলার ঘটনা ঘটে।
পরিবারের দাবি, হামলায় নজরুল ইসলাম খানের স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা খাতুনও আহত হন। গুরুতর আহত নজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন। মামলায় মো. তুহিন সরদার ও গোলাপী বেগমকে আসামি করা হয়েছে। এর মধ্যে গোলাপী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
