চৈত্রের খরতাপে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। মধ্য চৈত্রে এসে এই অঞ্চলে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। এছাড়া প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।
এর আগে, একইদিন দুপুর ১২টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৩৯ শতাংশ। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি।
সরেজমিনে জেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, মাঝারি তাপদাহের কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। গরম থেকে মানুষ বাঁচতে ছায়া শীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন।
অন্যদিকে চিকিৎসকরা এই তাপদাহে সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেশি করে পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মাঝারি তাপপ্রবাহ চলছে এই অঞ্চলে। আগামী দুদিন তাপমাত্রা আরও একটু বাড়বে।