কুমিল্লায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

কুমিল্লায় নাসা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ইপিজেড থেকে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করছে।
জানা গেছে, কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করেনি। এতে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর সমাধান পায়নি। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কের একাংশে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কয়েক মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বহুবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই তারা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

নাসা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা কামাল জানান, আর্থিক জটিলতার কারণে সাময়িকভাবে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। বিষয়টি সমাধানে তারা কাজ করছেন এবং পর্যায়ক্রমে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।
এ বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন এশিয়া পোস্টকে জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তারা কাজ করছেন। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।