logo

সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান

সব সার কারখানা চালু করে ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় সরকার: বিসিআইসি চেয়ারম্যান
আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা। ছবি : এশিয়া পোস্ট

দেশের সব সার কারখানা চালুর মাধ্যমে ইউরিয়া সার আমদানি বাবদ ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে উৎপাদন ফের চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. বাবুল মিঞা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

গ্যাসসংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। তবে চলতি বছরই গ্যাস সরবরাহ নিশ্চিতের মাধ্যমে কারখানাটির উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বিসিআইসি চেয়ারম্যান।

বাবুল মিঞা বলেন, আমরা বিসিআইসির কারখানাগুলো সচল করতে চাই। বর্তমানে আমাদের ২৬ থেকে ২৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। কারখানাগুলো সচল থাকলে এবং পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে দেশের চাহিদা মিটিয়ে সার রপ্তানি করার সক্ষমতাও আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের মূল সমস্যা গ্যাসসংকট। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাগুলো চালু করতেই আমরা কাজ করছি। এগুলো চালু করা গেলে আমাদের আর সার আমদানি করতে হবে না।

এ সময় বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আলী আশরাফ ও উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলামসহ কারখানার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।