logo

নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধের আলটিমেটাম প্রত্যাহার এসএমপির

নিবন্ধনহীন অনলাইন নিউজপোর্টাল বন্ধের আলটিমেটাম প্রত্যাহার এসএমপির

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে সমালোচনার মুখে তা প্রত্যাহার করে নিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। নতুন বিজ্ঞপ্তি দিয়ে আগের নির্দেশনা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে জারি করা গণবিজ্ঞপ্তি (সিটিএসবি/এসএমপি/২৫০১) বাতিল করা হয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটায় এসএমপির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে সন্ধ্যা ৬টার পর্যন্ত) বন্ধের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে এসব পোর্টালের প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নিবন্ধনহীন কিছু অনলাইন পোর্টাল ‘ভুল, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশ করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে পোর্টালগুলো অপসারণ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরই সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

বিজ্ঞপ্তিটি শেয়ার করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাবেক এমডি ও সিনিয়র সাংবাদিক মো. আব্দুল্লাহ ফেসবুকে এর সমালোচনা করে স্ট্যাটাস দেন। বুঝেশুনে এটি দেওয়া হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে তিনি, বিগত সময়ে নিউজ পোর্টাল নিবন্ধনে ৭ হাজারের মতো আবেদন পড়লেও দলীয় বিবেচনাসহ আড়াইশ নিবন্ধন দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন।

এছাড়াও সিলেটসহ সারা দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সমালোচনা দেখা দেয়। আব্দুল মুকিত নামের একজন বিজ্ঞপ্তিটি সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের দাঁড় করানোর চেষ্টা কিনা সেই প্রশ্ন তোলেন।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তিটি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করে সিলেট মহানগর পুলিশ।