logo

স্কুলে এসে সাইকেল থেকে নেমেই লুটিয়ে পড়ে অনুপমা

স্কুলে এসে সাইকেল থেকে নেমেই লুটিয়ে পড়ে অনুপমা

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ অনুপমা রায় নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে দেবীগঞ্জ পৌর এলাকার দেবীগঞ্জ রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

অনুপমা রায় (১২) উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা বানিয়া পাড়া এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালেও অনুপমা বাইসাইকেলে করে বাসা থেকে স্কুলে আসে। বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে সাইকেল গ্যারেজে রাখার পরপরই সে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. গোপাল চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে অনুপমা স্কুলে এসে সাইকেল থেকে নামার সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

অনুপমার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।