শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে নিষিদ্ধ যুবলীগের মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে মহানগর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ও ‘বঙ্গবন্ধুর বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগানে মিছিল দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় এবং রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনি ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র (ডিসি) গাজিউর রহমান এশিয়া পোস্টকে বলেন, মিছিলের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



