প্রাথমিকে শিক্ষক নিয়োগ/জামালপুরে নিয়োগপত্র পেলেন ৪৪ জন, এবারও বাদ মেধাক্রমে শীর্ষে থাকা রতন-সুমি

টানা তিন দিনের আন্দোলন ও অনশনের পর জামালপুর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৪ জন নিয়োগপত্র পেয়েছেন। আন্দোলনরত ৫১ জনের মধ্যে বাদ পড়েছেন মেধাতালিকায় শীর্ষে থাকা ইসরাফিল ইসলাম রতন ও শামিমা ইয়াসমিন সুমিসহ সাতজন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে অনলাইনে প্রকাশিত তালিকায় আন্দোলনরত ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৪ জন পাওয়া যায়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বস্তি ফিরলেও তালিকায় নাম না থাকায় হতাশায় ভেঙে পড়েন কয়েকজন প্রার্থী।
তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় আছেন দেওয়ানগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম হওয়া শামিমা ইয়াসমিন সুমি এবং বকশীগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম হওয়া ইসরাফিল ইসলাম রতন।
সুমির ছোট ভাই সজিব বলেন, আমার বোনের অপরাধ কী। আমার পরিবার তো আওয়ামী লীগ করে না। তাহলে তাকে বাদ দেওয়া হলো কেন।
তিনি স্থানীয় সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
ইসরাফিল ইসলাম রতন কাঁদতে-কাঁদতে বলেন, আমি তো কৃষকের সন্তান। আমরা রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না। আমি আমার এলাকার মন্ত্রী মহোদয়ের সহযোগিতা চাই, আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জামালপুরে সহকারী শিক্ষক পদে মোট ১৩৬ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত ছিলেন। প্রথম ধাপে ৮৫ জনকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনের মুখে বাকি ৫১ জনের বিষয়ে পুনর্বিবেচনার পর ৪৪ জনকে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছে।
জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, গত কয়েকদিন ধরে আমরা বিষয়টি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এর বাইরে আমাদের কিছু করার নেই।
