সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে গোলাগুলি, দুলাভাই বাহিনীর প্রধান আটক

সুন্দরবনের কোস্টগার্ডের সঙ্গে বনদস্যু দুলাভাই বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন সুন্দরবনের ময়দাফেসা খাল এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের সময় বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ড সদস্যদের গোলাগুলি হয়। একপর্যায়ে কথিত দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম গুলিবিদ্ধ অবস্থায় আটক হন। শুক্রবার সকালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিউল ইসলাম কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কোস্টগার্ড সদস্যরা হেফাজতে নিয়ে যান।
রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে সুন্দরবনকেন্দ্রিক একটি সশস্ত্র দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন বলে জানা গেছে। এলাকাবাসীর কাছে দলটি দুলাভাই বাহিনী নামে পরিচিত। তাদের ভাষ্য, সুন্দরবনের একসময়কার শীর্ষ বনদস্যু ইলিয়াস নিহত হওয়ার পর ২০২৪ সালে তার বোনের স্বামী রবিউল ইসলাম নতুন করে এই দল গঠন করেন। এরপর থেকেই দলটি স্থানীয়ভাবে দুলাভাই বাহিনী নামে পরিচিতি পায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও বাহিনীটির কার্যক্রম, সদস্যসংখ্যা কিংবা তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সুন্দরবনের ভেতরে গোলাগুলি এবং একজন দস্যুকে আহত অবস্থায় আটকের খবর শুনেছি। বিষয়টি কোস্টগার্ড পরিচালনা করছে। আমাদের কাছে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি।
কোস্টগার্ডের পক্ষ থেকে অভিযান নিয়ে কোনো আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। তবে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত জানানো হবে বলে বাহিনীর এক কর্মকর্তা জানান।





