logo

৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার তিন

৬ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার তিন
গ্রেপ্তার তিনজন। ছবি : এসআরবির সৌজন্যে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টির মুকিম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর এলাকার মৃত আজাহার আলীর ছেলে মো. বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী এলাকার মৃত রজবুল হকের ছেলে মো. মানিক (৩৮) এবং চাঁদ শিকারী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইউসুফ আলী (৫০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শিবগঞ্জ পৌরসভার স্বর্ণকার পট্টির মুকিম মার্কেটের নিচতলার দক্ষিণ পাশের একটি দোকানে কয়েকজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন। পরে যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে জাল নোট ছাড়াও নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড ও দুটি মানিব্যাগ জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।