চকরিয়ায় প্রাইভেটকার-বাস সংঘর্ষে শিশুসহ নিহত ২

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে চকরিয়া উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসমত আরা (৫৫) ও মাইশা। আহতরা হলেন প্রাইভেটকারের চালক আশিকুর রহমান ও সম্রাট। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী স্বাধীন ট্রাভেলসের একটি বাস এবং কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার চকরিয়ার আমতলী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে।
স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশা ও ইসমত আরার মৃত্যু হয়। আহত আশিকুর রহমান ও সম্রাট চিকিৎসাধীন রয়েছেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, যানবাহন দুটির চালকের দ্রুত ও বেপরোয়া গতির কারণে এ সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি চিরিঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

