logo

তাজমহল দেখতে গিয়ে কারাবন্দি হন বাদল, ১৮ বছর পর ছেলেকে পেয়ে কাঁদলেন মা

তাজমহল দেখতে গিয়ে কারাবন্দি হন বাদল, ১৮ বছর পর ছেলেকে পেয়ে কাঁদলেন মা
বাদল ফরাজী ও তার মা শেফালী বেগম। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে কাছে পেয়ে আর চোখের পানি ধরে রাখতে পারেননি মা শেফালী বেগম। এতগুলো বছর যে ছেলের মুখ দেখার অপেক্ষায় দিন গুনেছেন, সেই সন্তানকে অবশেষে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মায়ের কাছে পৌঁছেই বাদল ফরাজী মায়ের কপালে চুমু খান। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন মা। দীর্ঘ প্রতীক্ষার পর সন্তানের স্পর্শ পেয়ে যেন ফিরে পান হারিয়ে যাওয়া জীবনের এক টুকরো সুখ।

ভারতে তাজমহল দেখতে গিয়ে এক নারী হত্যা মামলার আসামি বাদল সিংয়ের সঙ্গে নামের মিল থাকায় ওই মামলায় জড়িয়ে পড়েন বাগেরহাটের বাদল ফরাজী। এরপর গ্রেপ্তার, বিচার ও মামলার নানা প্রক্রিয়ায় কারাবন্দি দশায় কেটে যায় ১৮টি বছর। অবশেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি।

Advertisement

এত বছর পর ভাইকে কাছে পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত বড় বোন আকলিমা বেগম। ভাইয়ের জন্য নিজের হাতে রান্না করছেন পছন্দের সব খাবার। শাকভাজি, গরুর মাংস, মাছ ও ডিমসহ নানা পদ রান্না করছেন তিনি। তবে বাদলের সবচেয়ে প্রিয় খাবার শাকসবজি। মা ও বোনের হাতের রান্না খুব পছন্দ তার। দীর্ঘ ১৮ বছর পর ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়ে আবেগ ধরে রাখতে পারছেন না বোন।

বড় বোন আকলিমা বেগম বলেন, ১৮ বছর পর ভাইকে কাছে পেয়েছি। কী বলব, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, তাই সারাদিন ধরে তার পছন্দের খাবার রান্না করছি। শাকভাজি, গরুর মাংস, মাছ, ডিমসহ নানা খাবার তৈরি করছি। তবে আমার ভাইয়ের সবচেয়ে প্রিয় খাবার শাকসবজি। আমার হাতের রান্না ও মায়ের হাতের রান্না তার খুব পছন্দ। এত বছর পর ভাইকে নিজের হাতে খাওয়াতে পারব, এটাই আমাদের অনেক আনন্দের।

তিনি আরও বলেন, চার সপ্তাহের প্যারোলে এমন মুক্তি আমরা মেনে নিতে পারছি না। আমার ভাই একজন নিরপরাধ মানুষ। শুধু নামের মিল থাকায় তার জীবন থেকে ১৮টি বছর কেড়ে নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন জানাই, আমার ভাইকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক। বাড়িতে সার্বক্ষণিক পুলিশ থাকবে, চার সপ্তাহ পর আবারও কারাগারে ফিরে যেতে হবে এমন মুক্তি আমরা চাই না।

অন্যদিকে, ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা ছিল মা শেফালী বেগমের দীর্ঘদিনের। মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে চান এমন ইচ্ছা নিয়ে প্রতিদিন পথ চেয়ে বসে থাকতেন তিনি। ছেলের কথা মনে হলেই চোখের পানি ফেলতেন। নামাজের পাটিতে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেন, যেন জীবদ্দশায় একবার হলেও ছেলেকে কাছে পান। অবশেষে মঙ্গলবার রাতে পূরণ হলো সেই আকাঙ্ক্ষা।

ছেলেকে কাছে পেয়ে মা শেফালী বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ১৮ বছর পর আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে। এতগুলো বছর ছেলেকে দেখার জন্য অপেক্ষা করেছি। আল্লাহর কাছে কত দোয়া করেছি, যেন মৃত্যুর আগে একবার ছেলেকে দেখতে পারি। আজ ছেলেকে কাছে পেয়েছি, তাকে বুকে জড়িয়ে ধরতে পেরেছি। আমি চাই, আমার ছেলে যেন আর কখনো আমাকে ছেড়ে চলে না যায়। বাকি জীবনটা যেন আমার কাছেই থাকতে পারে।

বাদল ফরাজীর বাড়িতে ফেরার খবর ছড়িয়ে পড়তেই তাকে একনজর দেখতে ভিড় করছেন এলাকাবাসী। প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন। দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকায় ফিরে আসা বাদলকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। কেউ তার সঙ্গে কথা বলছেন, কেউবা কুশল বিনিময় করছেন। এ সময় বাড়িতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তবে দীর্ঘ প্রতীক্ষার এই আনন্দের মধ্যেও রয়েছে গভীর বেদনা। কারণ, চার সপ্তাহ পর আবারও ছেলেকে ছেড়ে থাকতে হবে মা শেফালী বেগমকে।

নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাবন্দি থাকা বাদল ফরাজী মঙ্গলবার রাত ১১টার দিকে বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকায় নিজ বাড়িতে পৌঁছান। চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন তিনি। কিন্তু এই মুক্তিতে সন্তুষ্ট নয় তার পরিবার। তাদের দাবি, নিরপরাধ বাদলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মঙ্গলবার বেলা ২টা ১৫ মিনিটের দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। এর আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। পরে পুলিশ পাহারায় তাকে বাগেরহাটে নিয়ে আসা হয়। জেলা কারাগারে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার রাতে মুক্ত হন বাদল। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুলিশ পাহারায় বাদল ফরাজীকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরিবার ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০০৮ সালে পর্যটক ভিসায় ভারতে তাজমহল দেখতে গিয়েছিলেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। তখন তিনি ছিলেন কিশোর। ওই সময় দিল্লির লাজপত নগর এলাকায় নির্মলা মাদান নামের ৭১ বছর বয়সী এক নারী হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, নামের মিলের কারণে প্রকৃত অভিযুক্ত বাদল সিংয়ের পরিবর্তে বাদল ফরাজীকে ওই মামলায় জড়িয়ে ফেলা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৫ সালে দিল্লির একটি আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে উচ্চ আদালতেও সেই সাজা বহাল থাকে। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু দেশে ফিরেও মুক্তি মেলেনি তার। বাংলাদেশের কারাগারেই বন্দি থাকতে হয় তাকে।

বাদল ফরাজীর মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে তার পরিবার ও মানবাধিকারকর্মীরা বিভিন্ন পর্যায়ে আবেদন ও প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে সরকারের সিদ্ধান্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান তিনি। দীর্ঘ ১৮ বছর পর পরিবারের কাছে ফিরলেও স্থায়ী মুক্তি না মেলায় স্বস্তির বদলে পরিবারটির মধ্যে রয়ে গেছে অনিশ্চয়তা ও ক্ষোভ।

রাবেয়া খাতুন

সম্পাদনা

রাবেয়া খাতুন

সাব এডিটর | এশিয়া পোস্ট