বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

বগুড়ার ধুনটে ঘরে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে সেই দৃশ্য স্মার্টফোনে ধারণ করার অভিযোগে নোমান মন্ডল নামে এক কলেজছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় শনিবার (২ মে) রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেছেন।
রোববার (৩ মে) সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতেও পাঠানো হয়।
অভিযুক্ত কলেজছাত্র উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গোসাইবাড়ি আমতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া শহরে একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা গেছে, ধুনটের স্কুলপড়ুয়া মেয়ের (১৭) সঙ্গে প্রায় এক বছর আগে নোমান মন্ডলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্কুলছাত্রীর বাবা জীবিকার তাগিদে টাঙ্গাইল শহরে থাকেন। আর ভুক্তভোগী স্কুলছাত্রী মায়ের সঙ্গে গ্রামে বসবাস করে। এ অবস্থায় গত ৪ ফেব্রুয়ারি দুপুরের দিকে স্কুলছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা টাঙ্গাইল শহরে স্বামীর কর্মস্থলে যান।
এ সুযোগে নোমান মন্ডল ওই দিন রাত ১০টার দিকে ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য কৌশলে নিজের স্মার্টফোনে ধারণ করেন। পরে ধর্ষণের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১২ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে পাশের বাগানে নিয়ে ফের ধর্ষণ করেন। এ সময় স্কুলছাত্রী বিয়ের কথা বলায় নোমান সেই প্রস্তাব প্রত্যাখান করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ মামলার আসামি নোমান মন্ডলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।