হাজিরা দিতে এসে আদালত চত্বরে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে অবস্থানকালে ১১ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), মো. আমিনুর শিকদার (৫৬), মো. হাফেজ শেখ (২৫), মো. তৈয়েবুর রহমান (৫৫), মো. সেকেন্দার আলী (৫৮), মো. হাসানুর রহমান (৫৫), মো. রিয়াজুল শিকদার (২৭), মো. আরিফুল শেখ (২২), মো. তারেক শেখ (৩২), মো. জুলফিকার রহমান (৪০) এবং মো. শরিফুল মোল্যা (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ওই ১১ জন একটি মামলায় হাজিরা দিতে নড়াইল আদালতে আসেন। পরে তারা আদালত চত্বরে একটি আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়। তবে কী উদ্দেশ্যে তারা এসব দেশীয় অস্ত্র আদালত চত্বরে এনেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, ১১ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
