logo

গাছের চারা কিনতে গিয়ে মহাসড়কে ঝরল প্রাণ

গাছের চারা কিনতে গিয়ে মহাসড়কে ঝরল প্রাণ
সড়ক দুর্ঘটনার পর চুনতির ডাকবাংলো এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম চুনতি শাহ সাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইসাইকেল নিয়ে গাছের চারা কেনার উদ্দেশ্যে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। পথিমধ্যে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। তবে স্থানীয়রা বাসটি আটক করে রেখেছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।