চিকিৎসা সহায়তার আশ্বাসে ডেকে এনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

চিকিৎসার সহযোগিতার আশ্বাস দিয়ে খুলনার কয়রা থেকে ডেকে এনে সাতক্ষীরার তালায় এক গৃহবধূকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে মামলার আসামিদের নাম-ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
ভুক্তভোগীর মামাতো ভাই (৪৮) জানান, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি ক্লিনিকে উন্নত চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাসে তালায় নিয়ে আসা হয়। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় ডাক্তার পাওয়া যাবে না—এমন কথা বলে তাকে তালা ব্রিজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ওই বাসায় থাকা এক নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে গৃহবধূকে অচেতন করা হয়। এরপর সেখানে থাকা দুই যুবক তাকে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে ওই নারীকে জানালে তিনি তাকে গালিগালাজ করেন এবং মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। পরে শুক্রবার সকালে কৌশলে ওই বাসা থেকে বের হয়ে তালা থানায় গিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী নারী।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, শুক্রবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে থানায় এসে ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করেন। তার বক্তব্যের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে দুই যুবক ও এক নারীর বিরুদ্ধে অচেতন করে জোরপূর্বক ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে।
ওসি আরও জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


