শিশুর আঙুল কাটার মামলায় স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোর সদর উপজেলায় এক শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় এক পুলিশ সদস্য ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নাটোর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বড়হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পুলিশ সদস্য শাকিল ও তার স্ত্রী নাছরিন। শাকিল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
এজাহার সূত্রে জানা যায়, শাকিল যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের ছেলের সঙ্গে তার কন্যার ঝগড়া হয়। তারা দুজন শিশু। দুই শিশুর ঝগড়ার জেরে বাড়ির মালিকের ছেলের হাতের আঙুল কেটে দেন শাকিল ও তার স্ত্রী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শিশুটির বাবা ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
