logo

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: হবিগঞ্জের সেই এএসআই ক্লোজড

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: হবিগঞ্জের সেই এএসআই ক্লোজড
চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিক। ছবি : ফেসবুক থেকে নেওয়া

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অতনু বণিকের বিরুদ্ধে মামলাসংক্রান্ত বিষয়ে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার (ভাইরাল) পর তাকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের এক আদেশে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। একই সঙ্গে অভিযোগের বিষয়টি তদন্তে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

একটি সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি চলতি বছরের মার্চ মাসে ধারণ করা। এতে মামলাসংক্রান্ত বিষয়ে এক ব্যক্তির কাছ থেকে এএসআই অতনু বণিক টাকা নিচ্ছেন এমন দৃশ্য দেখা যায়। টাকা চাওয়া ও হস্তান্তরের দৃশ্য গোপনে ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের নজরে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে এএসআই অতনু বণিককে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ভিডিওটির সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং এএসআই অতনু বণিকের ভূমিকা খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গতকাল সোমবার (৫ অক্টোবর) একই থানার আরেক এএসআই ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পরও তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং এ বিষয়েও আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।