logo

যশোরে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

যশোরে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র নিহত
চৌগাছা থানা। ছবি: এশিয়া পোস্ট

যশোরের চৌগাছায় আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই কিশোর আহত হয়েছে। তাদের মধ্যে তানজিম হোসেন (১৪) নামে একজনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা বালুগর্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলেমান হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের নূর হোসেনের ছেলে। সে কাটগড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুলেমানসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে দেবীপুর এলাকার দিকে যাচ্ছিল। তারা পাতিবিলা বালুগর্ত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা সুলেমান, ফরহাদ ও তানজিম আহত হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুলেমান হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ফরহাদ হোসেন (১৭) চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অপর আহত তানজিম হোসেনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ স্কুলছাত্র নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।